ফেসবুক-ইউটিউব কে বাংলাদেশে অফিস স্থাপনে ‘প্রেসারাইজড’ করা হচ্ছে : বিটিআরসি চেয়ারম্যান

৬ অক্টোবর, ২০২৩ ১৮:৪৯  

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন সবসময় নারী বান্ধব নীতিমালা করার পাশাপাশি এখন ফেসবুক-ইউটিউব কে বাংলাদেশে অফিস স্থাপনে ‘প্রেসারাইজড’ করা হচ্ছে বলে জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।

শুক্রবার উই সম্মেলনে ‘শিল্ডিং দ্য ডিজিটাল রিলেম: ইনসাইট ইনটু ডিজিটাল কানেক্টিভিটি অ্যান্ড সাইবার সিকিউরিটি’ শিরোনামে প্যানেল আলোচনা প্রধান অতিথির বক্তব্যে এমনটাই জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান। প্যানেল আলোচনাটি সঞ্চালনা করেন ই-ক্যাব পরিচালক ইলমুল হক সজীব।

শ্যাম সুন্দর সিকদার বলেছেন, আমরা চাই তারা যেনো বাংলাদেশের জন্য একটা স্ট্যান্ডার্ড তৈরি করে। আমাদের এখানে যারা তাদের সঙ্গে ব্যবসা করে তারা যেন তাদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি কথা বলতে পারে।

তিনি আরো বলেছেন, আমরা সবসময় উইমেন ফ্রেন্ডলি পলিসি করি। কিন্তু আপনাদের অনেকেই বিষয়টি জানেন না। দেখেন না। ফেসবুক ও সোশ্যাল মিডিয়ায় কিছু পলিসি বিষয়ে এখনো আমাদের বাকি আছে। সেটা নিয়ে এখনো ফেসবুক-ইউটিউবের সঙ্গে আমাদের দেন-দরবার হচ্ছে। এ জন্য আমরা প্রতি প্রান্তিতে ফেসবুক, ইউটিউব ও টিকটক এর সঙ্গে বৈঠক করি। আপত্তিকর কন্টেন্ট নামিয়ে ফেলতে কাজ করি। এভাবেই নারীদের প্রযুক্তি খাতে আগ্রহী করে তুলতে বিটিআরসি নানা ধরনের পলিসি নিয়ে কাজ করে থাকে। নারীরা যাতে এই সেক্টরে এগিয়ে আসতে পারে তার জন্য শহরের সাথে সাথে গ্রামেও কমদামে ইন্টারনেট পৌঁছে দিয়েছি আমরা। ফেসবুকের কনটেন্ট সমস্যা হয়, প্রায় সময় আমরা এই বিষয় নিয়ে তাদের সাথে কথা বলি। সামনের দিনেও বলব।

বিটিআরসি’র অবদান তুলে ধরে তিনি আরো বলেন, বাংলাদেশে এখন ১৭টি কোম্পানি মোবাইল হ্যান্ডসেট তৈরি করছে। এর মধ্যে কিছু স্মার্ট ফোনও আছে। এই ডিভাইস সবার হাতের নাগালে আনতে কিস্তি সুবিধায় আমরা নীতিমালা করেছি। এক দেশে এক রেট করে ইন্টারনেট সুলভ করেছি। ডাটা প্যাকেজ নিয়ে যে ধোঁয়াশা বা প্রতারণা চলছে তাও আগামী ১৫ অক্টোবরের পর কেটে যাবে। তিন দিনের প্যাকেজ সাত দিনে বাড়িয়ে নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। ৮৫টি প্যাকেজ থেকে ৪০টি প্যাকেজে নামিয়ে এনেছি।

আলোচনায় অন্যতম বিষয় ছিল সম্প্রতি ফেসবুক থেকে হারিয়ে যাওয়া বেশ কিছু বড় গ্রুপ। এ ছাড়া সাইবার সিকিউরিটির বিষয়গুলোও উঠে আসে আলোচনায়। 

সেখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার সিকিউরিটি বিভাগে এডিসি নাজমুল ইসলাম বলেন, ডিজিটাল মাধ্যম সুরক্ষা রাখতে বাংলাদেশ পুলিশ কাজ করছে। বর্তমানে মাঝে মাঝে ক্ষুদ্র ব্যবসায়ীর কনটেন্টসহ ফেসবুক পেজ হারিয়ে যাচ্ছে। যা একজন ডিজিটাল ব্যবসায়ীর জন্য ক্ষতিকারক। তাই এ বিষয় নিয়ে ফেসবুকের সাথে কথা বলবো। যাতে করে তারা সহজে ব্যবসা করতে পারে। বাংলাদেশ পুলিশের ৫টি ইউনিট সাইবার নিরাপত্তায় কাজ করছে। বর্তমান সময়ে ওটিপি শেয়ারের মাধ্যমে সাইবার হামলার শিকার বেশি হচ্ছে। তাই সবাইকে সচেতন থাকতে হবে।

আলোচনায় অংশ নিয়ে আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক মোস্তফা কামাল বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হবে ২৫ হাজার নারীদের। ৬ মাসের এই প্রশিক্ষণে প্রত্যেককে একটি ল্যাপটপ দেওয়া হবে। বর্তমান সরকার নারীদের ফ্রিল্যান্সিং সেক্টরে আগ্রহী করে তুলতে কাজ করছে।

এ ছাড়াও আলোচনায় অনলাইনে যোগ দিয়ে সাইবার সিকিউরিটি নিয়ে কথা বলেন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা।